হ্যামস্ট্রিং ইনজুরিতে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না শফিউল ইসলাম, তার পরিবর্তে যাবেন কামরুল ইসলাম রাব্বী।
বুধবার সন্ধ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল (মঙ্গলবার) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শফিউল ইসলাম।
বিপিএলে দারুণ সময় কাটাচ্ছিলেন শফিউল। খুলনার হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন ডানহাতি এ পেসার। নিজের ইনজুরি নিয়ে শফিউল বলেন,‘গতকাল (মঙ্গলবার) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেছি। আজ সকালে এমআরআই করিয়েছি। সন্ধ্যায় রিপোর্ট হাতে পাওয়া যাবে। ইনজুরির কারণে আজ রাজশাহীর বিপক্ষে খেলতে পারছি না। দল যদি ফাইনালে উঠে তাহলেও খেলতে পারব না।’
শফিউল যে খেলতে পারছেন না তা টিম ম্যানেজম্যান্ট থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে শফিউলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন,‘শফিউলবিশ্রামে আছে। এমআরআই রিপোর্ট করিয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার কী অবস্থা। তবে শুনেছি হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেছে। আর হ্যামস্ট্রিংয়ের অল্প ইনজুরি হলে মাঠে ফিরতে দু্ই-তিন সপ্তাহ লেগে যাবে।’








