ইথিওপিয়ার সাউথ সুদান সীমান্তের গ্যাম্বেলা প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৪০ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। হামলার জন্য সাউথ সুদানের মুরলে গোষ্ঠীর লোকজনকে দায়ী করে হামলাকারীরা অন্তত ৩৯ শিশুকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রী গেটাচেউ রেদা।
তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের পিছু ধাওয়া করে ৬০ জনকে হত্যা করেছে।
২০১৩ সালে সাউথ সুদানের প্রেসিডেন্ট সালভা কির অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে বরখাস্ত করেন, এতে দেশটির দুই নেতার অনুসারীদের মধ্যে লড়াই শুরু হয়ে গৃহযুদ্ধের রূপ নেয়। তখন সাউথ সুদান থেকে পালিয়ে আসা কয়েক হাজার শরণার্থীকে আশ্রয় দেয় ইথিওপিয়া।
বর্তমানে একটি শান্তিচুক্তির অধীনে অর্ন্তবর্তী সরকার গঠনের উদ্দেশ্যে সাউথ সুদানের রাজধানী জুবায় ফেরার কথা রয়েছে মাচারের।
ইথিওপিয়ার মন্ত্রী রেদা জানিয়েছেন, সাউথ সুদানের সরকার বা বিদ্রোহীদের সঙ্গে হামলাকারীদের কোনো ধরনের সম্পর্ক আছে বলে মনে করছেন না তারা। গ্যাম্বেলা প্রদেশে গোষ্ঠীগত দ্বন্দ্বের ইতিহাস আছে এবং এখানে মাচারের নিজের নুয়ের নৃগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে।
গবাদিপশু লুট করার জন্য মুরলে গোষ্ঠী আগেও গ্যাম্বেলায় হামলায় চালিয়েছে বলে অভিযোগ আছে, তাছাড়া নিজেদের সংখ্যা বাড়াতে গোষ্ঠীটি শিশু চুরি করে বলেও অভিযোগ পাওয়া গেছে।







