দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ে কোনো লেগ স্পিনার সেরা বোলারের তকমা পেলেন পাকিস্তানের ইয়াসির শাহ।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে তিনি ১০ উইকেট নেন। এছাড়া ১৯৯৬ সালের ডিসেম্বরের পর পাকিস্তানের কোন লেগ স্পিনার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন।
এই মাঠে এশিয়ার প্রথম বোলার হিসেবে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ইয়াসির শাহ। পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার মুশতাক আহমেদের পর দেশের হয়ে প্রথম বোলার হিসেবে টেস্টে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ইয়াসির শাহ।
মুশতাক ১৯৯৬ সালে এক নম্বর স্থান দখল করেন। আর লেগ স্পিনার হিসেবে সর্বশেষ ২০০৫ সালে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। এই হিসাবে দীর্ঘ ১১ বছর পর কোনো লেগ স্পিনার হিসেবে শীর্ষস্থান দখল করলেন ইয়াসির শাহ।
টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে এত দিন শীর্ষে ছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। কিন্তু ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলতে পারেননি তিনি। এই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করায় ইয়াসির শাহ’র কাছে শীর্ষের মুকুট হারাতে হলো তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে নেন ৬ উইকেট নেন ইয়াসির। দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে ২০ বছর পর লর্ডসে পাকিস্তানে জয়ে ভূমিকা রাখেন ইয়াসির শাহ।
৮৭৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়াসির। ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান করছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। জেমস অ্যান্ডারসের অবস্থান তিন নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮৬৮। সদ্য ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে ৬১৪ পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান।
পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ এ পর্যন্ত ১৩ টেস্টে ৮৬ উইকেট শিকার করেছেন। ফলে ১২০ বছরের পুরনো দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড ভাঙার হাতছানি দিচ্ছে তাকে।
১৮৯৬ সালে মাত্র ১৬ টেস্টে উইকেটের সেঞ্চুরি করেন ইংল্যান্ডের পেসার জর্জ লেমান।
পরের ৩টি টেস্টে ১৪ উইকেট নিতে পারলেই সবচেয়ে কম ম্যাচে উইকেটের সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়তে পারবেন ইয়াসির।








