ফর্মের তুঙ্গে আছেন। কদিন আগে রূপকথার গল্প লেখা এক পারফরম্যান্স উপহার দিয়েছেন। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে তুলতে ন্যু ক্যাম্পে বসেছিল নেইমার ম্যাজিকের পসরা। ইতিহাস লেখার অন্যতম সেই নায়ক চোটে নিয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন। পেশিতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমার।
শনিবার রাতে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে নেইমারের অ্যাবডাক্টর পেশিতে চোট পাওয়ার খবর জানায় বার্সেলোনা। এজন্য লা লিগার ম্যাচের আগেরদিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজিকে ৬-১ গোলে হারিয়ে রূপকথার গল্প লেখে লুইস এনরিকের শিষ্যরা। তাতে দুটি গোল করেছেন, একটি করিয়েছেন, আর একটি পেনাল্টি আদায়ে ভূমিকা রেখেছেন নেইমার। এমন একটা উড়ন্ত পারফরম্যান্সের পরই কিনা মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
লা লিগার অ্যাওয়ে ম্যাচে রোববার রাতে দোপোর্তিভো লা করুনার বিপক্ষে নামবে বার্সেলোনা। সেরা ফর্মে থাকা নেইমারকে ছাড়াই এই ম্যাচে খেলতে হবে মেসি-সুয়ারেজদের।
পাকস্থলীর সমস্যার কারণে দেপোর্তিভোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমারের স্বদেশি রাফিনহাও।







