২০১৬ সালের পর আর কোনও টেস্ট ম্যাচই আয়োজিত হয়নি হোবার্টে। বেলেরিভ ওভাল মাঠে এর আগে ১৩ টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হলেও এখন পর্যন্ত অ্যাশেজের কোনো ম্যাচ গড়ায়নি এই ভেন্যুতে। তাই এই ম্যাচের মাধ্যমে ভেন্যুটি সংযুক্ত হতে যাচ্ছে অ্যাশেজের বর্ণিল ইতিহাসের।
তাই এ টেস্টের মধ্যদিয়েই টেস্ট ক্রিকেটে আবারও ফিরতে যাচ্ছে এ ভেন্যু। প্রত্যাবর্তনটিও হতে যাচ্ছে স্মরণীয়। দিবারাত্রির টেস্ট আয়োজন করার মধ্য দিয়ে বেলেরিভ ওভাল বিশেষ উপলক্ষে রঙিন হওয়ার অপেক্ষায় রয়েছে।
শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি হোবার্টের ব্লান্ডস্টোন অ্যারেনা প্রথমবারের মতো অ্যাশেজ টেস্ট ম্যাচ আয়োজন করবে। কোনো সন্দেহ নেই যে ভেন্যুটি দুর্দান্তভাবে আয়োজন সম্পন্ন করবে। বাণিজ্যিক, লজিস্টিক এবং অপারেশনাল বিষয়গুলো বিবেচনা করে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টটি এই ভেন্যুতে আয়োজনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে মনে করেছে।
অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি মাঠে গড়াবে নতুন বছরের ১৪ জানুয়ারি। পার্থে হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনেক জল্পনা-কল্পনার পরে হোবার্টকে এই টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।








