অসাধারণ এক সিরিজ জয়ের সব কৃতিত্বই ‘টিম বাংলাদেশকে’ দিয়েছেন অধিনায়ক মাশরাফি। বলেছেন, পিছিয়ে পড়েও সাউথ আফ্রিকার মত দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নি:সন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন।
ম্যাচের ৮৩ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল জয়ে প্রোটিয়াদের বিপক্ষে হয়ে গেলো টাইগারদের ইতিহাস। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারতের পর এবার সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়। এক-শুন্যতে পিছিয়ে পড়ার পরও ২-১এ সাউথ আফ্রিকার মতো দলকে বিধ্বস্ত করা। এ নিয়ে গত ৮ মাসের ব্যবধানে চারবার হোম সিরিজ জয় টাইগারদের।
ওয়ানডে ক্রিকেট বিশ্বে ‘নতুন বড় শক্তি’ বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফির কাছেও প্রোটিয়ারাই তাদের বড় শিকার। মাশরাফি বিন মতুর্জা বলেন, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। তিননম্বর ম্যাচটাও আমরা জিতলাম। এই জয়ের পুরো কৃতিত্বই দল ও টিম ম্যানেজমেন্টের। সামনে টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ টেস্টে ভালো সাহায্য করবে।
৩ ম্যাচের সিরিজ শুরুর আগে সৌম্যর কাছে টিম টাইগার্সের সবচেয়ে বেশি চাওয়া ছিলো নিজের ইনিংস আরো বড় হোক বাংলাদেশী ওপেনারের। সিরিজ শেষে সেই সৌম্য সরকারই ম্যান অব দ্য সিরিজ। শেষ দুই ম্যাচেরও নায়ক। ম্যাচ ও সিরিজ সেরা সৌম্য বলেন, একটা দুঃখ লাগছে যে, ম্যাচটা ১০ উইকেটে জিততে পারি নাই। ১০ উইকেটে জিততে পারলে দেশের জন্য এবং টিমের জন্য অনেক ভালো হতো।
টি-২০ এবং ওয়ানডের পর সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুটি টেস্ট ম্যাচ বাকি। ২১ জুলাই থেকে চট্টগ্রামের এই মাঠেই শুরু প্রথম টেস্ট। তার আগে ঈদের ছুটি কাটাতে পরিবারের কাছে যাবে বাংলাদেশ দলের সদস্যরা।







