ইটালিতে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে রোম এবং মিলান সফর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি উড়োজাহাজটি সকালে ঢাকা পৌঁছায়।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক, কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
ইটালি সফরে সে দেশের প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠক শেষে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে মধ্যাহ্নভোজেও যোগ দেন।
এছাড়া রোমের ভায়া ডেল’ এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ইটালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাত করেন।
৬ ফেব্রুয়ারি সকালে শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন। এরপর ট্রেনে করে রোম থেকে ইটালির মিলান শহরে যান প্রধানমন্ত্রী। সফরকালে ঢাকা ও রোমের মধ্যে তিনটি দ্বিপাক্ষিক চুক্তি সেই হয়েছে।








