ইঞ্জিনে ত্রুটিতে টেকঅফের সময় রানওয়েতেই আগুন ধরে গেছে অ্যামেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনে। শনিবার মিয়ামির উদ্দেশ্যে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘অনিয়ন্ত্রণযোগ্য ইঞ্জিন জটিলতা’র কারণে বোয়িং ৭৬৭ মডেলের উড়োজাহাজটিতে আগুন ধরে যায় বলে ঘটনার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
উড্ডয়নের সময় হঠাৎ বিমানটির একপাশ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলে পাইলট সঙ্গে সঙ্গে টেকঅফ বাতিল করেন এবং জরুরি সিঁড়ির মাধ্যমে যাত্রীসহ সব আরোহীকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
৯ ক্রু এবং ১৬১ জন যাত্রী নিয়ে মিয়ামির পথে রওনা হচ্ছিল প্লেনটি। আগুনে তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বিভাগ। তবে কেউ গুরুতর আহত হয়নি বলেও জানানো হয়েছে। আহতদের সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরোহীরা জানিয়েছেন, উড়োজাহাজটি রানওয়ে দিয়ে গতি বাড়াতে শুরু করলে হঠাৎ তারা বিকট একটি বিস্ফোরণ শুনতে পান। এরপরই তারা জানালার বাইরে আগুনের শিখা আর কালো ধোঁয়া দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া ও আগুন ভেতরে ঢুকে যায়।
সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি জানায়, প্লেনটিতে এমন বিরল ও জটিল ধরণের একটি ইঞ্জিন জটিলতা ঘটেছে যার ফলে ইঞ্জিনের কিছু অংশ ভেঙ্গে বাইরে উড়ে বেরিয়ে আসে।
দেখুন বিমানটির এক যাত্রীর মুঠোফোনে ধারণ করা ভিডিও:








