সাদিকুর রহমান সাকী: ঢাকা-সিলেট মহসাড়কের রশিদপুরের সাত মাইলে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ বাসযাত্রী। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ইজতেমা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস রশিদপুরের সাত মাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের বাড়ি সুনামগঞ্জে। ঘন কুয়াশার কারনে এ দুঘর্টনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।








