ফুটবলবিশ্ব কখনোই একসঙ্গে একদলে খেলতে দেখেনি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। বর্তমান প্রজন্মের সেরা দুই ফুটবলার ভবিষ্যতে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন কিনা সেই উওর সময়ের হাতেই তোলা থাকলো। কিন্তু কল্পনা কিংবা কাগজ-কলমের একাদশে বহুবার একদলে থেকেছেন দুই মহাতারকা। বিশ্বকাপের আগে আরেকবার থাকলেন খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন’র সেরা একাদশে।
৪-১-২-৩ ফরম্যাটে তাদের সেরা দল সাজিয়েছে ইএসপিএন। আক্রমণে মেসি-রোনালদোর সতীর্থ হিসেবে থাকছেন পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডোভস্কি।

মাঝমাঠে ইউরোপের আধিপত্য। অ্যাটাকিং মিডফিল্ডার জার্মানির টনি ক্রুসের পাশে থাকছেন ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কন্তে ও বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
চার ডিফেন্ডারের কেবল একজনই সাউথ আমেরিকান। ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলো। সেন্টার ব্যাকে স্পেন অধিনায়ক সার্জিও রামোস ও জার্মানির ম্যাট হামলস। রাইট ব্যাকে থাকছেন আরেক জার্মান জশুয়া কিমিচ। আর গোলবারে থাকবেন স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
সেরা একাদশকে একসুতোয় গাঁথবেন জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতানো কোচ জোয়াকিম লো।
ইএসপিএন সেরা একাদশ
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া ( স্পেন)।
ডিফেন্ডার: মার্সেলো(ব্রাজিল), সার্জিও রামোস (স্পেন), ম্যাট হামলস, জশুয়া কিমিচ (জার্মানি)
মিডফিল্ডার: টনি ক্রুস (জার্মানি), এনগোলো কন্তে (ফ্রান্স), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), রবার্ট লেভান্ডোভস্কি (পোল্যান্ড), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
কোচ: জোয়াকিম লো (জার্মানি)।








