করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ মহাদেশের সবগুলো দেশে থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘আগামী ৩০ দিন ইউরোপীয় দেশগুলো থেকে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। তবে করোনা আক্রান্ত যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।’
এরই মধ্যে যুক্তরাজ্যে ৪৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৮ জন।
শুক্রবার মধ্যরাত থেকে ইউরোপের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘আর নতুন কেউ যেন আক্রান্ত না হয়, এ জন্যই ইউরোপের দেশগুলো থেকে ভ্রমণ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মতো একই ধরনের পূর্বপ্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউজ থেকে বলা হয়, সেনজেন এলাকাভুক্ত ইউরোপের ২৬টি দেশের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আর যুক্তরাজ্যের মতো আয়ারল্যান্ডও এর বাইরে থাকবে।
একইভাবে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া আর রোমানিয়া ইউরোপের দেশ হলেও সেনজেনভুক্ত নয়। তাই তারাও নিষেধাজ্ঞার বাইরে থাকছে।
ইউরোপের নাগরিকদের পাশাপাশি সেখান থেকে আসা পণ্যও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিলিয়ন ডলার ঋণ দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সাধারণ নাগরিকদের জন্যও বড় ধরনের কর মুক্তির কথা বলেছেন তিনি।
শুরুতে যুক্তরাষ্ট্রে জনসাধারণের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে ভাবা হয়েছিল কিন্তু এই মাসের শুরুতে বেশ কিছু নতুন আক্রান্তের খবর পাওয়া যায়। যেখান থেকে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়েছে সেই নিউ ইয়র্ক শহরে সৈন্য নামানো হয়েছে।
দেশটির সেনা সদস্যরা আইসোলেশনে থাকা ব্যক্তিদের খাবার সরবরাহ করছে। ওয়াশিংটনের গভর্নর বেশ কিছু কাউন্টিতে বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছেন।
যুক্তরাষ্ট্রের একজন বাস্কেটবল খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন প্রতিযোগিতা বাতিল করেছে।
এছাড়াও দেশটির অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী অস্ট্রেলিয়ায় গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আবার অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের কারণে অনেকে ডাক্তারের কাছেও যাচ্ছেন না অনেকে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। বর্তমানে এই ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে মারা গেছে ৩৩৭ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৩৫২ জন। এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৩০০। এদের মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।







