উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি শুক্রবার ইউরোপা লিগের ড্রও হয়ে গেল। তাতে সেমিফাইনালের বাধা টপকে শিরোপার পথে আরেক ধাপ এগোতে ম্যানচেস্টার ইউনাইটেডকে সেল্টা ভিগোর বিপক্ষে নামতে হবে। অন্য সেমিফাইনালে আয়াক্সের মুখোমুখি হবে লিঁও।
হল্যান্ডের ক্লাব আয়াক্স ইউরোপার ফাইনাল খেলেছিল ১৯৯১-৯২ মৌসুমে। হয়েছিল চ্যাম্পিয়ন। অন্যদিকে ফ্রান্সের লিঁও শেষবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছে ২০০৯-১০ মৌসুমে।
সেদিক থেকে ইংলিশ জায়ান্ট ম্যানইউ ও স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো এবারই প্রথম সেমিফাইনাল খেলবে। রেড ডেভিলদের দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই ইংলিশ লিগ কাপ জেতানো হোসে মরিনহোর সামনে থাকছে আরেকটি শিরোপার হাতছানি।
ইউরোপার সেমির প্রথম লেগ হবে ৪ মে। দ্বিতীয় লেগ ১১ মে। আয়াক্স ও সেল্টা ভিগো প্রথম লেগের স্বাগতিক।






