চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়েছে তিনবার। কিন্তু ইউরোপা লিগ জেতাটা তো দূরের কথা, ফাইনালেও যাওয়া হয়নি। এইবার সেই সুযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। বৃহস্পতিবার সেল্টা ভিগোকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে ২৪মে স্টকহোমের ফাইনালের পথে এক পা দিয়ে রাখল মরিনহোর শিষ্যরা।
সেল্টার মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে রেড ডেভিলদের। বারবার তাদের আক্রমণ মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক গোলরক্ষক সার্জিও আলভেজের কাছে। প্রথমার্ধে এই আলভেজই রেড ডেভিলদের তিনটি নিশ্চিত সুযোগে দেয়াল হয়ে দাঁড়ান।
ম্যাচের ৬৭ মিনিটে কপাল খোলে মরিনহো বাহিনীর। এসময় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে আলভেজ বাধা পার করতে পেরেছেন ১৯ বছর বয়সী মার্কাস র্যাশফোর্ড। এই উঠতি তারকার শেষ মুহূর্তের গোলেই কোয়ার্টারে আন্ডারলেখট বাঁধা পেরোতে পেরেছিল ম্যানইউ।
প্রতিপক্ষের মাঠে এই জয় স্বস্তির হাওয়া বইয়ে দিচ্ছে চোটজর্জর রেড ডেভিল শিবিরে। ১১মে ওল্ড ট্রাফোর্ডে হীরের মত দামী এক অ্যাওয়ে গোল নিয়ে মাঠে নামতে পারবে ইংলিশ জায়ান্টরা।
তবে যতটা না গুরুত্বপূর্ণ ইউরোপা লিগ শিরোপা জেতা তার বেশি প্রয়োজন চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফায়িং করা। আর ইউরোপা লিগ শিরোপা জয়ই সেই দরজা খুলে দিতে পারে এই মুহূর্তে ইংলিশ লিগে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা মরিনহো শিষ্যদের জন্য। টুর্নামেন্টটির চ্যাম্পিয়নরা পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পায়।
অন্য সেমিতে প্রথম লেগে ডাচ দল আয়াক্স নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্সের ক্লাব লিওঁকে।









