২০১৬ ইউরো চ্যাম্পিয়নশীপের বাছাইতে শনিবার ছিল হ্যাটট্রিকময় রাত। এদিন অনুষ্ঠিত ছয়টি ম্যাচের তিনটিই দেখেছে হ্যাটট্রিক। জার্মানির হয়ে আন্দ্রে শুরলে, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং পোল্যান্ডের লুন্ডভস্কি হ্যাটট্রিক করেন।
জার্মানি ৭-০ জিব্রাল্টার, পর্তুগাল ৩-২ আর্মেনিয়া, পোল্যান্ড ৪-০ গোলে জর্জিয়া, ফ্যারো আইল্যান্ডস ২-১ গ্রিস এবং ডেনমার্ক ২-০ সার্বিয়াকে হারায়।
জার্মানি-জিব্রাল্টার ম্যাচে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে শুরলে। ২৮ মিনিটে প্রথম গোল করার পর ৬৫ ও ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জার্মান মিডফিল্ডার।
অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আর্মেনিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় পায় পর্তুগাল। ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরানোর পর ৫৫ এবং ৫৮ মিনিটে আরো দু’ গোল করে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলে জয় নিশ্চিত করেন সিআর সেভেন।
তবে আগের দু’জনের চেয়ে কম সময়ে হ্যাটট্রিক করে রেকর্ড করেছেন পোল্যান্ডের রবার্ট লুন্ডভস্কি। তার শেষ ৪ মিনিটের হ্যাটট্রিকে জর্জিয়াকে ৪-০ গোলে হারায় পোলিশরা। খেলার ৮৯ থেকে ৯৩ মিনিটের মধ্যে গোল তিনটি করেন বায়ার্ন মিউনিখ তারকা।
কম সময়ের ব্যবধানে হ্যাটট্রিক রেকর্ডের তালিকায় লুন্ডভস্কিরটি এখন দুই নম্বরে। এরআগে ১৯৯৯ ইউরো বাছাইয়ে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে তিন মিনিটে হ্যাটট্রিক করেছিলেন তুরস্কের আরিফ আরদিম।






