‘গানফ্রেন্ডজ’ নামে পরিচিত ইউটিউবার শৌভিক আহমেদের ক্রিকেট নিয়ে গাওয়া একটি গান অনলাইন জগত মাতিয়ে বেড়াচ্ছে। একে তো চলছে আইসিসি ক্রিকেট, তার ওপর গানের শিরোনাম ‘খেলা হবে’। মাতিয়ে বেড়ানোই স্বাভাবিক। ইউটিউব চ্যানেল বঙ্গ বিডিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে গানটি অবমুক্ত করা হয়।
গানের কথাগুলো এমন- ‘জয়-পরাজয় তো থাকবেই যে কোনো খেলায়/ আশা না কেউ হারাব/ হাসি মুখে সবাই মিলে তো আমরা সবাই/ তালে তালে জয় গান গাব/ হবে হবে খেলা হবে ও প্রিয়জন/ হবে হবে খেলা হবে/ সুখের মহা উৎসব হবে/ ও জনগণ হবে হবে খেলা হবে।’ গানটির গীতিকার ও সুরকার শৌভিক আহমেদ। সংগীত পরিচালনা করেছেন তাহসিন আহমেদ। ভিডিও কোরিওগ্রাফিতে ছিলেন হৃদি শেখ।
চ্যানেল আই অনলাইনকে শৌভিক আহমেদ বলেন, ‘খেলা নিয়ে এখন অনেক গানই হয়। আমার ভাবনা ছিল ব্যতিক্রম কিছু করব। শ্রোতারা যেন গানের কথাগুলো সহজে আপন করে নিতে পারে। “খেলা হবে” সামাজিক যোগাযোগ মাধ্যমের খুব পরিচিত একটা কথা। তাই এই কথাটা বেছে নেই। যার সুফল পেয়েছি। সবাই গানটাকে নিজের করে নিয়েছেন।’
শৌভিক জানান, খুব অল্প সময়ে গানটা প্রস্তুত করতে হয়েছে। মাত্র তিন ঘণ্টায় গানের কথা আর সুর সাজানো হয়। গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল সংগীত জগতের পরিচিত কোনো শিল্পীর। তাদের সময় না মেলায় শৌভিককেই গাইতে হয়। এক রাতের মধ্যে রেকর্ডিং আর ভিডিওর কাজ শেষ করা হয়।
‘খেলা হবে’ নিয়ে আছে শৌভিকের বড় পরিকল্পনা। তিনি বলেন, ‘এই গান ঘিরে সবার আগ্রহ দেখে ফ্ল্যাশমব বানানোর পরিকল্পনা করছি। আমরাও বানাতে পারি। শ্রোতারা ফ্ল্যাশমব বানিয়ে আমাদের কাছে পাঠাবেন, এমন অফারও দিতে পারি।’
শৌভিক ব্যস্ত ঈদের কাজ নিয়ে। গানফ্রেন্ডজ–এর ইউটিবিউ চ্যানেলে একটি ভিডিও ছাড়বেন ঈদের আগে। আরেকটি ভিডিও প্রস্তুত রাখবেন ঈদের জন্য। দীর্ঘদিন পর গানফ্রেন্ডজ-এ ফেরা বলে ভালো কিছু নিয়ে আসতে চান। এছাড়া অভিনয় করছেন টিভি নাটকে।
‘খেলা হবে’ গানের ইউটিউব লিংক :










