যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটোকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না করতে আবারও আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ীই হচ্ছে।
এরই মধ্যে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। শনিবার ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনা ধ্বংস এবং দুই শতাধিক সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। ওডেসা বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রানওয়ে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে।
এমন পরিস্থিতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনার কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পূর্ব ইউক্রেনে আরও বড় সামরিক তৎপরতার জন্য প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। দোনেস্কের লিমানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন আহত হয়েছে।
নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানার প্রায় প্রতিটি ভবন ধ্বংস হয়ে গেছে।
আজভ রেজিমেন্টের কমান্ডার সভিয়াতোস্লাভা পালামার জানান, গতকাল শনিবার নারী ও শিশুসহ ২০ জনকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এই যখন পরিস্থিতি, তার মধ্যেই ইউক্রেন সফর করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।








