রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘অবরুদ্ধ ইউক্রেনের মারিউপোল শহরে গোলাবর্ষণ তখনই শেষ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে।’
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয়সময় রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার ফোনালাপের সময় পুতিন এ মন্তব্য করেন।
তবে ফরাসি কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান শীর্ষ নেতা শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করতে সম্মত হয়েছেন। নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, গোলাবর্ষণের ফলে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মারিউপোল শহর।
পৃথিবী পর্যবেক্ষণ সংস্থা ম্যাক্সার জানায়, আবাসিক এলাকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শহরের উপকণ্ঠে গুলি চালানোর অবস্থানে রাশিয়ান আর্টিলারি কামানগুলিকে হাইলাইট করা হয়েছে।
ফ্রান্সসহ বিভিন্ন দেশ সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে সাধারণ ইউক্রেনীয় জনগণকে সরিয়ে নেবার পরিকল্পনা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টকে।










