আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শেষ ম্যাচে তারপরও ছাড় পেল না ইংল্যান্ড যুবারা। ৬৩ রানে ম্যাচ জিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে যুবা টাইগাররা।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ২১ বল বাকি থাকতেই ২০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
শনিবার ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বেকায়দা অবস্থানেই ছিল স্বাগতিকরা। চতুর্থ উইকেট জুটিতে ৮৮ রান যোগ করে নাজুক অবস্থা থেকে দলকে টেনে তোলেন ওপেনার মাহমুদুল হাসান ও শামীম হোসেইন।
এরপর দ্রুত মাহমুদুল হাসান (৫৭) ও শামীমের (৭২) উইকেট হারালেও বাংলাদেশ বড় সংগ্রহ পায় শাহাদাত হোসেনের কল্যাণে। ৩৫ বলে ৫১ রানের ঝড়ো এক ইনিংস খেলেন শাহাদাত।
জবাব দিতে নেমে ওপেনার বেন চার্লসঅর্থ একপ্রান্ত সামলে রাখলেও অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি বাকি ব্যাটসম্যানদের কেউই। ১৪৯ বলে ১১৫ করে বেন চোখ রাঙালেন, তাকে ফিরিয়ে ম্যাচ বের করে নেন আসাদউল্লাহ হিল গালিব।
১৭ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার গালিব। বাকি ছয় উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন রুহেল আহমেদ, শামীম ও তৌহিদ হৃদয়।
দুই যুব টেস্টের সিরিজের প্রথমটি হবে ৭ ফেব্রুয়ারি, চট্টগ্রামে।








