রকেট বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগাররা। ইংলিশদের বিপক্ষে ২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে বলে জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
দীর্ঘ ১৪ মাস পর বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় কাটান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নেটে ব্যাট-বলের অনুশীলনে ঝালিয়ে নিয়েছেন সাব্বির, মিরাজ, রাব্বি, সোহানের মতো নতুন সদস্যদেরও।
সাদা পোশাকে ইংলিশদের বিপক্ষে চার সিরিজের একটিও জয় পায়নি টাইগাররা। তবে এবার ২০ উইকেট নেয়ার মতো সামর্থ্য সতীর্থদের থাকায় জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব।
সাকিব আল হাসান বলেন, খুব বেশি প্রস্তুতির কিছু নাই। মানসিকভাবে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত থাকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
সবশেষ দুই টেস্টেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করে টিম টাইগার্স। দীর্ঘ বিরতি দিয়ে লংগার ভার্সন খেলায় সেরা টিম কম্বিনেশন বের করাও একটি চ্যালেঞ্জ।
সাকিব আল হাসান বলেন, ওয়ানডেই খেললাম ১ বছর পরে। ওটাই এ্যাডজাস্ট করতে ২-৩ ম্যাচ সময় লেগেছে। এখনতো টেস্ট ম্যাচ। আশা করি (এ্যাডজাস্ট করতে) সময় লাগবে না। আমার কাছে মনে হয় এটা ভালো একটা চ্যালেঞ্জ।
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, স্পিনার আর পেস বোলাররা ভালো করবে। পেস বোলাররা উইকেটে বাউন্স পাবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে বিশ্বাস করি।
ইংল্যান্ডের ঐচ্ছিক অনুশীলনে অলিস্টার কুক ও জনি বিয়ারস্ট ছাড়া বাকিরা হোটেলেই সময় কাটান।







