ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলবে টাইগাররা।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দীন চৌধুরী সুজন অবশ্য বলেছেন, ‘আমরা কয়েকটি দলের সঙ্গে কথা বলছি। ইংল্যান্ড সিরিজের আগে দুই থেকে তিনটি ওয়ানডে খেলার চেষ্টা করছি। এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে দুইটি বা তিনটি ম্যাচ খেলার জন্য কোনো না কোনো দল আসতে পারে। তবে কারা আসছে এখনও নিশ্চিত নয়।’
বিসিবির একটি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তাদের আসার সম্ভাবনাই বেশি। আফগানদের বাংলাদেশের আসার সম্ভব্য তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা।







