ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে আবারও হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের যুবারা। সোমবার দ্বিতীয় যুব টেস্টে সফরকারীদের ৩ উইকেটে হারায় স্বাগতিকরা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের ২-০তে হোয়াইটওয়াশের লজ্জা দিল জুনিয়র টাইগাররা।
এই জয়ে তিন ফরম্যাট মিলিয়ে ইংলিশদের ৬-০তে হোয়াইটওয়াশ করল বাংলাদেশের যুবারা। একমাত্র টি-টুয়েন্টি জেতার পর তিন ওয়ানডের সিরিজও ৩-০তে দাপটে জেতে তারা।
চট্টগ্রামে চারদিনের টেস্টে বাংলাদেশের সামনে চতুর্থ ইনিংসে ৩৩৩ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে সেই রানও তাড়া করেছে যুবারা। বাংলাদেশ যখন ৩ উইকেটে জেতে, তখন ম্যাচের বাকি ছিল ৩ ওভারের মতো।
দুদলের প্রথম ইনিংস শেষে ম্যাচে পিছিয়ে ছিল বাংলাদেশই। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাবে ২২৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। বড় ব্যবধানে এগিয়ে থাকা ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রান তুলে তৃতীয় দিন ইনিংস ঘোষণা করে। এতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ট্রিপল থ্রি।
সেই টার্গেট তাড়ায় বাংলাদেশের হাতে ছিল ৯৬ ওভারের মতো। স্বাগতিকরা মনোবল হারায়নি। এই জয়ের নায়ক আসলে মাহমুদুল হাসান। ২২৪ বলে ১৩ বাউন্ডারিতে ১১৪ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন তিনি।
চার নম্বরে নামা মাহমুদুলের সঙ্গে ওপেনার তানজিদ হাসানের ৫১, আর পাঁচে নামা তৌহিদ হৃদয়ের ৭৬ রানের ইনিংস দুটিও দলের জয়ে বড় অবদান রেখেছে।
মাহমুদুল যখন সাজঘরে ফেরেন, দলের জয়ের জন্য তখন মাত্র দরকার ৭ রান। বাকি কাজটা সারতে সমস্যা হয়নি রুহেল আহমেদ ও মিনহাজুর রহমানের।








