নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে আরিফ চৌধুরী: নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে হারানোর অনুপ্রেরণা নিয়েই এ টেস্টে মাঠে নামছে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
ওয়েলিংটনের স্থানীয় সময় বুধবার দুপুর ১টায় মূল ভেন্যু বেসিন রিজার্ভে প্র্যাকটিস শুরু করে মুশফিকুর রহিমের দল। হালকা ওয়ার্ম আপের পরই ব্যাটিং এবং বোলিং নিয়ে মনোযোগী হয়ে উঠে টিম বাংলাদেশ।
মাঝ উইকেটে তাসকিনকে নিয়ে অনেক্ষণ ধরে বল করিয়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ঐতিহাসিক এ মাঠেই কাল টেস্ট ক্যাপ পড়তে যাচ্ছেন বাংলাদেশী এ পেসার।

নেটে ব্যাটিং করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাব্বির রহমান ও সাকিব আল হাসানরা।
সেরা একাদশের কোনো রকম ধারণা না দিলেও প্রেস মিটে ক্যাপ্টেন মুশফিকুর রহিম বলেছেন নিজের শারীরিক অবস্থা ভালো। শতভাগ ফিট না হলেও অন্তত এ ম্যাচ খেলতে তৈরী তিনি এবং তার দল।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রথম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এটিকে বড় কর দেখতে রাজি নন অধিনায়ক।
তিনি বলেন, ইংল্যান্ডকে হারিয়েছে বলে এটা ভাবার কারণ নেই যে আমরা টেস্টে বড় দল হয়ে গেছি। এখানকার পরিবেশ, কন্ডিশন, উইকেট এবং সবকিছু মিলিয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং সব। তবে এটা বলতে পারি আমরা চাই নতুন বছরটাতে আমাদের আগের পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে এবং ভালোভাবে শুরু করতে।

টাইগার অধিনায়ক বলেন, আমরা জানি একটা টেস্টে ভালো করতে তার শুরুটা কতটা জরুরি। আশা করি আমরা তা পারবো। সবাই মাশআল্লাহ তৈরী আছে, এখন শুধু নিজেদের প্রমাণ করার অপেক্ষায় টিম।







