বঙ্গবন্ধু কাপ কাবাডিতে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।
শনিবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ প্রথমার্ধেই ২৭-০৪ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও আগ্রাসনের ধারা অব্যহত রাখেন তুহিন তফাদাররা। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচ শেষে স্বাগতিক অধিনায়ক তুহিন জানান,‘আমরা প্রথম ম্যাচ জিতে খুশি। কোচের পরিকল্পনা মতো খেলতে পেরেছি। সবাই ভালো খেলেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই।’







