একটি সম্মেলনে ইংরেজিতে উত্তর দিতে না পারায় এক ইংরেজ নারীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার কুইবেক অঞ্চলের সারব্রুকে গত মাসে অনুষ্ঠিত টাউন হল সম্মেলনে ওই নারী জাস্টিন ট্রুডোর কাছে কানাডায় ইংরেজ মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতে চেয়েছিলেন। ট্রুডো ওই নারীর কাছে ক্ষমাপ্রার্থনা করতে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। কুইবেক কমিউনিটির ইংরেজি ভাষা সহায়তাকারী দলের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠিও লিখেছেন তিনি। সেখানে ট্রুডো জানিয়েছেন কানাডায় বসবাসরত ইংরেজি ভাষা-ভাষী মানুষের জন্য তিনি আন্তরিক।
ওই সম্মেলনে মানসিক স্বাস্থ্য এসটায়ারের প্রতিষ্ঠাতাদের একজন জুডি রস নামের এক ইংরেজ নারী ট্রুডোকে ইংরেজিতে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি ছিলো, কুইবেকে বসবাসকারী ইংরেজদের মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে? কারণ এই সেবাসমূহ শুধু ফ্রেঞ্চ ভাষাতেই পাওয়া যায়। ‘দুটি অফিসিয়াল ভাষা ব্যবহারের জন্য ধন্যবাদ, কিন্তু আমরা এখন ফ্রেঞ্চ ভাষাভাষীদের অঞ্চলে আছি, তাই আমি ফ্রেঞ্চেই জবাব দিচ্ছি’ ট্রুডো ওই মহিলাকে ফ্রেঞ্চ ভাষায় এই জবাব দেন। ইংরেজিতে উত্তর না করায় এই মাসে ফোন করে ট্রুডো ওই নারীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান।

এ বিষয়ে ওই নারী ভাষ্য, ট্রুডো ফোন করে তাকে বলেছেন যে তিনি (ট্রুডো) একটি ভুল করেছেন এবং এ থেকে তিনি শিক্ষা নেয়ার সুযোগ পেয়েছেন। এই ফোনকল ওই নারীকে ইংরেজদের মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি নিয়ে ট্রুডোর সাথে পুনরায় কথা বলার সুযোগ করে দিয়েছে।

ওই নারী সাংবাদিকদের বলেছেন, আমি সত্যিই ট্রুডোর জন্য গর্ববোধ করি কারণ এখন আর কোনো রাজনীতিবিদই সরি বলতে চান না। স্বীকার করতে চান না যে তারা ভুল করছেন।
কুইবেক কমিউনিটির কাছে ক্ষমা চেয়ে পাঠানো ট্রুডোর চিঠিতে ট্রুডো কানাডায় দোভাষীচর্চার গুরুত্ব উল্লেখ করে লিখেন, আমি আমার মনের গভীর থেকে অনুতপ্ত। ইংরেজ এবং ফ্রেঞ্চ, এই দুই ভাষাভাষীর মানুষদের জন্য আমার আন্তরিকতা একই রকম। সারব্রুক টাউন হলের ঘটনার জন্য আমি মনের গভীর থেকে অনুতপ্ত।
তিনি লিখেন, কানাডা বহুভাষীর দেশ। আমি উপলব্ধি করতে পেরেছি যে, সেটা কুইবেক হোক আর কানাডার যেকোনো অঞ্চলই হোক, আমাকে যে ভাষায় প্রশ্ন করা হয়েছিলো, সেই ভাষাতেই উত্তর করা উচিত ছিলো।
কুইবেক কমিউটি গ্রুপ নেটওয়ার্কের প্রেসিডেন্ট জেমন শিয়া বলেছেন, এই চিঠি পেয়ে তিনি আনন্দিত হয়েছেন। তিনি বলেন, আমি খুবই আনন্দিত হয়েছিলাম। এটা ছিলো খুবই ইতিবাচক পত্র। তার (ট্রুডো) নিজস্ব ন্যায়বোধ থেকে তিনি বিষয়টি নিয়ে ক্ষমাপ্রার্থী হয়েছেন যা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় দেয়।







