টেস্টের দুই নবীন সদস্যের একটি আয়ারল্যান্ড। তারা সাদা পোশাকে অভিষেক ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২০১৮ সালে আইরিশদের সঙ্গে টেস্টটি খেলবে পাকিস্তান।
আইরিশদের জন্য ঐতিহাসিক ম্যাচটি হবে ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজের আগে। অকল্যান্ডে আইসিসির মিটিংয়ে হয়েছে এ সিদ্ধান্ত।
টেস্ট খেলার কথা হলেও ম্যাচের ভেন্যু ও তারিখ চূড়ান্ত হবে পরে। তবে আগামী মে’র মাঝামাঝি হতে পারে আইরিশদের টেস্ট অভিষেক। কারণ পাকিস্তানের ইংল্যান্ড সফর শুরু মে’র শেষদিকে।
অভিষেক টেস্টের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পর ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘আগামী বছর আমাদের অভিষেক টেস্টের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে স্বাগত জানাতে পেরে আমি রোমাঞ্চিত। আমাদের চাওয়া ছিল, টেস্ট মর্যাদা পাওয়ার ১২ মাসের মধ্যে নিজেদের সমর্থকদের সামনে টেস্ট খেলা। সেটি পূরণ হচ্ছে’।
গত জুনে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট মর্যাদা পায় আরেক দেশ আফগানিস্তান।







