দেশের প্রধানমন্ত্রী কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? উনি যখন আওয়ামী লীগের সভাপতি তখন তিনি আওয়ামী লীগের। যখনই তার মুকুটে প্রধানমন্ত্রীর পালক গোঁজা হয়েছে তখনই তিনি সারা বাংলাদেশের। সেই বাংলাদেশে নানা মত নানা আদর্শ নানা ধর্ম নানা বর্ণের মানুষের বসবাস। সবার ভাল-মন্দ দেখার দায়িত্ব তাঁর। সবাই তাঁর দিকে তাকিয়ে থাকবে। দেশের দুর্যোগময় পরিস্থিতিতে উনি সবার। কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে সেটা তখন মুখ্য না।
গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বলে আমরা প্রায়শই হা হুতাশ করি। একদলীয় শাসন বলে মুখে ফেনা তুলে ফেলি। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকারে আছে, এটা নিয়ে নানা রকম সমালোচনা করে থাকি। এই সমালোচনার মাঝেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চমৎকার একটি দিন ছিল ১১ মে, বৃহস্পতিবার।
এদিন কুমিল্লা সিটি করপোরেশন বিএনপিদলীয় নবনির্বাচিত মেয়র মো: মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় মনিরুল হক প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রী মেয়রের পিঠে হাত দিয়ে তাঁকে দোয়া করেন।
অনলাইনসহ অনেকগুলো খবরের কাগজ সচিত্র সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তো আসলেই এ রকম দৃশ্যই দেখতে চাই। এ রকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে।
প্রধানমন্ত্রী এ সময় কুমিল্লা নগরের উন্নয়নে তাঁর সরকার সব ধরনের সহায়তা দেবেন বলে মেয়রকে নিশ্চিত করেন। মেয়রকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোন দল কর, তা আমি দেখতে চাইনা। আমি চাই কুমিল্লায় কাজ হোক। কুমিল্লা নগরের উন্নয়নে সহায়তা দেওয়া হবে।’
জাতি এ রকম একটি মুহূর্ত কেবল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার কাছ থেকে প্রত্যাশা করে।
এই মানসিকতা বজায় থাকলে দেশ এগিয়ে যাবে। কুমিল্লার মত অন্য যেসব সিটি করপোরেশন আর পৌরসভায় বিরোধদলীয় মেয়র আছেন তাদেরকেও সমানভাবে দেখবেন প্রধানমন্ত্রী, এ আশা আমাদের সবার।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)









