জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে বোমা হামলায় আহত মার্ক বাত্রার জন্য সমর্থন ও দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী এবং তার সাবেক ক্লাব বার্সেলোনা কর্তৃপক্ষ। হামলায় বরুসিয়ার ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় বাত্রা হাতে আঘাত পেয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
২৬ বছর বয়সী ফুটবলার মার্ক বাত্রার পাশে থাকার ও সমর্থন জানানোর কথা লিখে ঘটনার পরপরই টুইট করেছে ফুটবল ক্লাব বার্সা। নিজেদের সাবেক খেলোয়াড়ের জন্য তারা লিখেছে, আমাদের সবটুকু সমর্থন মার্ক বাত্রার জন্য, তার ক্লাব ও সমর্থকদের জন্য।
হামলায় আহত নিজ দেশের জাতীয় দল তারকার জন্য স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় টুইট বার্তায় লিখেছেন, বার্তার দ্রুত সুস্থতা কামনা করছি।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে যাওয়ার কিছু আগে টিম হোটেল ছাড়ার সময় ডর্টমুন্ড খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, তিনটি বিস্ফোরণ ঘটেছে। বোমার আঘাতে খেলোয়াড়দের বহনকারী বাসের জানালার কাচ ভেঙে যায়। স্প্যানিশ তারকা মার্ক বাত্রা সেসময় হাতে আঘাত পেয়েছেন। পরে তার কব্জির ভাঙা হাড়ে অপারেশন করা হয়।
এক সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড পুলিশ প্রধান হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন।
সন্ত্রাসী হামলার পর বাত্রাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার সর্বশেষ অবস্থা স্থিতিশীল বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও সমর্থকদের আশ্বস্ত করা হয়েছে।

ডর্টমুন্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, দলের অন্য খেলোয়াড়রা নিরাপদে আছেন। স্টেডিয়াম এলাকাও নিরাপদ বলে ওই বার্তায় জানানো হয়।
তবে ৮০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ফুটবল ম্যাচটি দেখতে উপস্থিত হওয়া দর্শকদের শুরুতে মাঠ ছাড়তে দেয়া হয়নি। পরিস্থিতি পর্যালোচনার জন্য তাদের গ্যালারিতেই অবস্থান নিতে বলা হয়। পরে অবস্থা স্বাভাবিক হলে তারা ঘরমুখী হতে পারেন।
নর্থ-রাহিনে ওয়েস্টফেলিয়া পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মোনাকোর বিপক্ষে সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কোয়ার্টারের লড়াইয়ে নামার সূচি ছিল ডর্টমুন্ডের।







