আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে আজ ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে সংলাপে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংলাপ মোটেও অর্থহীন না। সংলাপ থেকে যে উপদেশ ও পরামর্শ পাচ্ছি তা আমরা লিপিবদ্ধ করে রাখছি। আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।
তিনি বলেন, ভালো নির্বাচন কি করে করতে হয় ইসির চেয়ে বেশি ভালো জানে গণমাধ্যম।সুষ্ঠ নির্বাচনের জন্য সবার মতামত জানতে সংলাপের আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করবে গণমাধ্যমকেও সঠিক তথ্য তুলে ধরে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, ভোট কেন্দ্রে যেন মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কোন কারচুপি না হয় এ বিষয় গুলো নিশ্চিত করার লক্ষ্য থাকবে সিইসির।
সংলাপে আইনের পূর্ণ প্রয়োগ, শপথের অঙ্গীকার এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।
এরআগে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে গত ৬ এপ্রিল সংলাপে বসেছিল ইসি। এতে তারা ইসিকে সকল বিতর্কের উর্ধে ওঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দিয়েছিলেন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুদফায় সংলাপ করেছে ইসি।







