প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে এনেছে আরওজি জেফ্রাস মডেলের গেমিং ল্যাপটপ। বিশ্বের সবচেয়ে পাতলা এই ল্যাপটপে আছে ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স।
গেমিং নোটবুকটিতে আরও থাকছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। এতে আছে ২৪ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট হাইপার ড্রাইভ এসএসডি। এর টাইপ-সি পোর্ট দিয়ে নোটবুকটির ডিসপ্লে অন্য যেকোনো ৪কে সমর্থিত মনিটরের সাথে সংযোগ দিয়ে খেলা যাবে। নোটবুকটি ভিআর সমর্থিত। তাই ভার্চুয়াল রিয়েলিটি গেমসগুলোতে যোগ হবে নতুন অভিজ্ঞতা। এছাড়া আরওজি গেমিং সেন্টার দ্বারা নির্দিষ্ট গেমসগুলো পছন্দের সেটিংস দিয়ে খেলা যাবে।
ল্যাপটপটি ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ অ্যারো ডায়নামিক সিস্টেম যা দীর্ঘ সময় ব্যবহারেও ল্যাপটপ ঠাণ্ডা রাখবে। এর ফলে ল্যাপটপের গ্রাফিক্স পারফরমেন্সেও পরিবর্তন আসবে না।
নোটবুকটি ‘অরা’ আরজিবি সমর্থিত। গেম খেলায় ব্যবহৃত বাটনগুলো নিজের পছন্দমতো রঙের আলো দিয়ে সাজিয়ে নেয়া যাবে। আসুস আরওজি সিরিজের নতুন এই নোটবুকটির ওজন ২.২ কেজি ও ১৭.৯ মিলি থেকে ১৬.৯ মিলি পর্যন্ত পাতলা।
ল্যাপটপটির মূল্য তিন লাখ ১০ হাজার টাকা। আসুসের রিটেইল পার্টনারদের শোরুম ছাড়াও পিকাবো ডটকম ও কিকশা ডটকম থেকে ল্যাপটপটি কেনা যাবে।







