বাংলাদেশ- ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের সময় প্রেসবক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবালকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান।
সিরিজের প্রথম ম্যাচে প্রেসবক্সে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন আসিফ। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পুরো প্রেসবক্সে নেমে আসে বিষন্নতা। তরুণ এবং জ্যেষ্ঠ; সব ক্রীড়া সাংবাদিকের কাছেই আসিফ ইকবাল অত্যন্ত জনপ্রিয়।
জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কাজ করা আসিফ ইকবালের আরোগ্য কামনা করেছে ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
আসিফকে দেখতে বিসিবি সভাপতির সঙ্গে হাসপাতালে যান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং পরিচালক ইসমাঈল হায়দার মল্লিক। তারা সবাই দ্রুত আসিফ ইকবালের রোগমুক্তি কামনা করেন।







