ইউরো চ্যাম্পিয়নশীপের মূলযুদ্ধের আগে নিজেদের শক্তি দেখাল ক্রিস্টিয়ানো
রোনালদোর পর্তুগাল।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে রীতিমতো চূড়মার
করেছে পর্তুগীজরা। রোনালদো আর রিকার্ডোর জোড়া গোলে বাল্টিক দেশটিকে ৭-০
গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সিআর সেভেনের নেতৃত্বাধীন পর্তুগাল।
জয়-পরাজয়ের ব্যবধান বড় হলেও প্রথম আধাঘণ্টায় কোনো গোল পায়নি পর্তুগাল। ৩৬ মিনিটে প্রথম গোলের দরজা খোলেন রোনালদো। এরপর প্রথমার্ধে আরো দুই গোল করে তারা। ৩৯ মিনিটে রিকার্ডো কুয়ারেসমা এবং ৪৫ মিনিটে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল।
প্রথমার্ধে ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। ফিরে এসে আরো ভয়ংকর হয়ে ওঠে তারা। ৫৫ মিনিটে দলের চতুর্থ গোল করেন ড্যানিলো পিয়েরা। ৬১ মিনিটে এস্তোনিয়ার মরার উপর খাড়ার ঘাঁ হয়ে আসে কে মিটসের আত্মঘাতী গোল।
৭৭ মিনিটে পর্তুগালকে ষষ্ঠবারের মতো এগিয়ে দেন রিকার্ডো। আর ৮০ মিনিটে এস্তোনিয়ার কফিনে শেষ পেরেক গাড়েন এডার। মাঝে পর্তুগালের রক্ষণে দু-একার হানা দিলেও ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ খুলতে পারেনি এস্তোনিয়া।
মূলপর্বে ১৫ জুন প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রোনালদো-ন্যানি-রিকার্ডোরা।







