২ উইকেটে ১৭১ রান থেকে ২২০ রানেই সবকটি উইকেট হারানো বিস্ময়ের। এমন এক বিস্ময়কর পতনেরই উদাহরণ তৈরি করলো টাইগাররা। তামিম ইকবালের অসাধারণ শতক আর টেস্ট বিশেষজ্ঞ মমিনুল হকের ৬৬ এর পর সর্বোচ্চ স্কোরটি ১৩। এই দুজন ছাড়া বাকিরা কোন প্রতিরোধই করে তুলতে পারেনি।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাই টেস্টের প্রথম দিনটিতে আধিপত্য ফিরে পেলো সফরকারীরা। অথচ তামিম-মমিনুলের ব্যাটে বিপরীত আভাসই পাওয়া যাচ্ছিলো। কিন্তু এরপরে ইংলিশ বোলারদের সামনে হুড়মুড় করে ভেঙ্গে পড়ায় দিনটি হলো চরম হতাশার।
দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-মমিনুলের ব্যাটিং বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলো। এই জুটির ব্যাটে আসে ১৭০ রান। ১০৪ রানে তামিমের বিদায়ের ৪ ওভার পরেই বিদায় নেন মমিনুল। আর এরপরেই ধ্বস নামে। মাত্র ৪৯ রানেই আউট শেষ ৮ ব্যাটসম্যান।
স্পিনার মইন আলি আজকে সবচেয়ে সফল, পেয়েছেন ৪ উইকেট। এছাড়াও পেস বোলার ক্রিস ওকস নিয়েছেন ৩ উইকেট। আরেক পেস বোলার বেন স্টোকসের প্রাপ্তি ৩ উইকেট।
৬৩.৫ ওভারেই অলআউট বাংলাদেশ। এখন ব্যাট করছে ইংল্যান্ড।










