আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, আজ স্থানীয় সময় বুধবার ইসরায়লের অধিকৃত পশ্চিম তীরে তাকে গুলি করে হত্যা করা হয়।
মন্ত্রণালয় এবং আল জাজিরার সাংবাদিকদের মতে, আজ জেনিন শহরে ইসরায়েলি অভিযান কভার করার সময় তিনি গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
আল জাজিরার নিদা ইব্রাহিম জানান, তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়, তবে ঘটনার ভিডিওগুলোতে দেখা যায় আবু আকলেহকে মাথায় গুলি করা হয়।
ভারাক্রান্ত কণ্ঠে ইব্রাহিম বলেন, আবু আকলেহ একজন দারুণ দক্ষ সাংবাদিক ছিলেন যিনি ২০০০ সালে ফিলিস্তিনি দ্বিতীয় ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সাথে কাজ করছেন।
আরেক ফিলিস্তিনি সাংবাদিক আলি সামুদিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি জেরুজালেম ভিত্তিক কুদস পত্রিকার জন্য কাজ করেন, তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানায় মন্ত্রণালয়।







