জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় ওআইসি’র স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় বাংলাদেশ তীব্র নিন্দা প্রকাশ করেছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ জেদ্দায় ওআইসির সভায় যোগ দিয়ে পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনী জনগণের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘের গৃহীত রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন সমস্যার একটি সামগ্রিক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তার নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিন সমস্যার সমাধানে ওআইসিকে আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।
সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।








