চুক্তি অনুসারে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহী ও সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার শুরুর মাত্র এক ঘণ্টা আগে চুক্তি ভেঙ্গে যাওয়ায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে আবারো ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে।
রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তি ভেঙ্গে যাওয়ার জন্য তুরস্ক সরকার সিরিয়ার সেনাবাহিনীকে দায়ী করেছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অপেক্ষমান সাধারণ নাগরিক বাসে উঠার আগ মুহূর্তে বোমা বর্ষণ করার পর সংঘর্ষ বেঁধে যায়।
প্রথম দফায় আহত ৭০ জন এবং বিদ্রোহীদের ৮০ জন স্বজনকে নিরাপদ স্থানে পাঠানোর মধ্য দিয়ে চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল।
আলেপ্পোর বিদ্রোহী ও তাদের স্বজনদের নিরাপদ অপসারণের বিনিময়ে উত্তর সিরিয়ার অবরুদ্ধ এলাকা থেকে সরকারপন্থীদের অপসারণের শর্ত কার্যকর না হওয়ায় নতুন করে সংঘর্ষের সূচনা হয়।








