ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বড় দল আর্সেনাল ও চেলসির জয়ের রাতে আটকে গেছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ৩-২ গোলে হারায় সোয়ানসি সিটিকে এবং চেলসি ৩-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে হারায়। আর এভারটনের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে আগামী ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে বড়সড় ধাক্কাই খেলেন সাবেক কাতালান ও বায়ার্ন মিউনিখ কোচ।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৬০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে জয় পায় আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেন থিও ওয়ালকট। বাকি গোলটি করেন জার্মান মিডফিল্ডিার মেসুত ওজিল।
স্টামফোর্ড ব্রিজে ডিয়েগো কস্তার গোলে খেলার ৭ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ৩৩ মিনিটে অসাধারণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এডিন হ্যাজার্ড। লিস্টারের বক্সের সামনে পেদ্রো পড়ে গেলেও বল বাড়িয়েছিলেন সামনের দিকে, দ্রুত গতিতে এগিয়ে যাওয়া হ্যাজার্ড গায়ে লাগা বল নিয়ন্ত্রণে নিয়ে লেস্টার গোলরক্ষকে ফাঁকি দিয়ে আড়াআড়ি শটে করেন লক্ষ্যভেদ।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে শেষ গোলটি করেন ভিক্টর ময়েসেস। পয়েন্ট নিয়ে চেলসি উঠে এসেছে পঞ্চম স্থানে।
এভারটনের বিপক্ষে দিনের অপর ম্যাচে ১-১ এ ড্র করে পয়েন্ট খোয়ালেও সর্বোচ্চ ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ম্যানিসিটি। ঘরের মাঠে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে উল্টো গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানসিটি।
৬৪ মিনিটের মাথায় এভারটনের হয়ে গোল করেন রোমেলা লুকাকু। ৭২ মিনিটে নোলিতোর গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।








