কঠিন দুঃসময় পার করছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তার দুঃস্বপ্নের প্রহর আরও লম্বা করে দিয়েছে ওয়েস্ট ব্রম। আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্যাগিসরা।
শনিবার রাতে ওয়েস্ট ব্রম আলবিওনের মাঠ দ্যা হওথরন্সে অতিথি হয়েছিল গানাররা। কিন্তু এমন আতিথ্য হয়তো ভুলে যেতে চাইবে ওয়েঙ্গার শিষ্যরা। ১২ মিনিটে নাসের চাদলির সেট পিস থেকে ফিরতি শট জালে ঢুকাতে ভুল করেননি ডিফেন্ডার ক্রেইগ ডওসন। যদিও এর ৩ মিনিট পরে অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফিরেছিল আর্সেনাল। প্রথমার্ধে আর গোল পায়নি কোন দলই
বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ানোর ব্যর্থ চেষ্টা করেছে আর্সেনাল। উল্টো ৫৫ মিনিটে হাল রবসন কানু এবং ৭৫ মিনিটে ডওসনের দ্বিতীয় গোলে ম্যাচ থেকেই ছিটকে যায় গানাররা।
এই হারে ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান ইউ, তাদের পয়েন্ট ৪৯। ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানটা ওয়েস্ট ব্রমের দখলে।







