রাশিয়া বিশ্বকাপে যেতে হলে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। এমন বাঁচা-মরার ম্যাচে গঞ্জালো হিগুয়েনকে দলে রাখার প্রয়োজন মনে করেননি আলবিসেলেস্তে কোচ হোর্হে সাম্পাওলি। জুভেন্টাস ফরোয়ার্ডকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য দল দিয়েছেন তিনি।
হিগুয়েন না থাকলেও দলে আছেন ম্যানসিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। পাওলো দিবালা, মারিও ইকার্দি আগে থেকেই ছিলেন স্কোয়াডে। চোট থাকা সত্ত্বেও দলে টিকে গেছেন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া।
১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাচাইপর্বে পঞ্চম স্থানে আছে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। আগামী ৫ অক্টোবর ঘরের মাঠে টেবিলের চারে থাকা পেরুর মুখোমুখি হবে সাম্পাওলির দল। ১০ অক্টোবর ইকুয়েডরে খেলতে যাবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লাতিন অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলকে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের বিপক্ষে খেলতে হবে প্লে-অফ।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন।
ডিফেন্ডার: ফেদেরিকো ফাজিও, ইমানুয়েল মামানা, গ্যাব্রিয়েল মের্কাডো, হাভিয়ের মাশ্চেরানো, নিকোলাস ওটামেন্দি, হারমান পেসেল্লা।
মিডফিল্ডার: মার্কোস অ্যাকুনা, অ্যাঙ্গেল ডি মারিয়া, এভার বানেগা, লু্কাস বিগলিয়া, লিয়ান্দ্রো পারাদেস, এডুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, অ্যালেকসান্দ্রো গোমেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, মারিও ইকার্দি।







