সনাক্ত করতে না পারায় আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আর্জেন্টিনার নৌবাহিনী। নৌবাহিনীর মুখপাত্র এনরিকে বালবি বলেন, প্রবলভাবে প্রচেষ্টা চালানোর পরও আর্জেন্টিনার নৌবাহিনী ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
গত ১৫ নভেম্বর সাবমেরিনটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। সর্বশেষ চিহ্নিত লোকেশনে বিস্ফোরণের সন্দেহ থাকায় ক্রুদের জীবিত ফেরত পাওয়ার আশাও কমছে। ক্যাপ্টেন বালবি বলেন, ক্রুদের উদ্ধার করার জন্য সম্ভাব্য নির্ধারিত দিনের দ্বিগুণ সময় নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনোভাবেই এটির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গত ১৫ নভেম্বর সাউথ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় আর্জেন্টাইন নৌবাহিনীর সাবমেরিন এআরএ সান হুয়ান। জার্মানিতে নির্মিত টিআর-১৭০০ মডেলের এআরএ সান হুয়ান সাবমেরিন ৪৪ জন ক্রু নিয়ে উশুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই কোনো একটা সময় হঠাৎ জাহাজটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১৫ নভেম্বর নৌবাহিনীর একটি ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল এআরএ সান হুয়ান। উপকূল থেকে ৪৩০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের সর্বশেষ যোগাযোগ হয় সাবমেরিনটির সঙ্গে। সাবমেরিন থেকে তখন জানানো হয় সেখানে কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে। এরপর থেকে আর ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এর মাঝে অবশ্য ১৬ নভেম্বর আর্জেন্টাইন নৌবাহিনী সাউথ আটলান্টিকে একটি সাবমেরিন থেকে সাতবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা করা হয় বলে জানায়। ধারণা করা হয়, যোগাযোগের চেষ্টা করা সাবমেরিনটি সান হুয়ান।









