সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ভেন্যু আগামীতে মালয়েশিয়ার সরানোর চিন্তা করছে পিসিবি। শুধু পিএসএল নয়, ‘হোম গ্রাউন্ড’ হিসেবেও মরু দেশের পর মালয়েশিয়াকে বেছে নেয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।
দেশটির জিও নিউজের স্পোর্টস প্রোগ্রাম ‘স্কোর’-এ পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ভবিষ্যতে মালয়েশিয়া পাকিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে কাজ করতে পারে এবং এ ব্যাপারে আলোচনা করতে তিনি মার্চের প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন।
শেঠি বলেন, ‘আমি মালয়েশিয়া যাচ্ছি সেখানকার মাঠগুলো দেখতে। যদি প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে দুপক্ষ সম্মত হতে পারি এবং মালয়েশিয়াকে আমাদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে বেছে নিতে পারি, তাহলে আমাদের খরচ অর্ধেকে নেমে আসবে।’
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে পিসিবি’র ম্যাচগুলো রাখা কঠিন হয়ে দাঁড়াবে যদি দেশের অন্যান্য লিগের ম্যাচগুলোও সেখানে অনুষ্ঠিত হয়।









