করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কয়েকটি টুইট বার্তা দিয়ে সকলকে এর ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মহামারি পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে বলেও আশঙ্কা করেছেন তিনি।
মঙ্গলবার কয়েকটি টুইট বার্তায় তিনি জানান, ওমিক্রন সারাদেশে ছড়িয়ে যাবে, তার অনেক বন্ধুও এতে আক্রান্ত হয়েছে, তাই তিনি নিজের অনেক ছুটির পরিকল্পনা বাদ দিয়েছেন।
বিল গেটস বলেন, আমরা খুব সম্ভবত আরও একটা ভয়াবহ মহামারির দিকে এগিয়ে যাচ্ছি। ওমিক্রন হতে পারে সেই ভয়াবহ মহামারি সৃষ্টির কারণ। বিশেষত এর পুনসংক্রমণের হার হতে পারে বেশি, মানুষের এই ধরণ সম্পর্কে এখনই সতর্ক হওয়া উচিত। ইতিহাসের অন্য যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। অতি শীঘ্রই তা ছড়িয়ে যাবে বিশ্বের সবদেশে।
তিনি আরও বলেন, সবচেয়ে বড় অজানা বিষয় হলো, ওমিক্রন কতোটা অসুস্থ করবে তা কেউ জানে না। যদি করোনার এই ভ্যারিয়েন্ট ডেলটার চেয়ে অর্ধেক পরিমাণও শক্তিশালী হয় তাতেও এর সংক্রমণ হার বেশি হওয়ায় এর প্রভাব হবে ভয়াবহ।
যুক্তরাষ্ট্রে যখন এক সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ৭৩ শতাংশে করোনা সংক্রান্তের হার বেড়ে গেছে, ঠিক তখনই বিল গেটস এই সতর্কতা বার্তা দিলেন।
তিনি আরও বলেন, ওমিক্রন থেকে রক্ষা পেতে, মাস্ক পরিধান করা, বড় পরিসরে কোনো অনুষ্ঠান এড়িয়ে যাওয়া এবং ভ্যাকসিন গ্রহণ করতে হবে। সুরক্ষার জন্য বুস্টার ডোজ গ্রহণ করতে হবে সবাইকে।
আশার কথা জানিয়ে বিল গেটস বলেন, ওমিক্রনের একটা ভালো দিক আছে, তা হলো যদি এই ভ্যারিয়েন্ট ছড়িয়েও পড়লেও এর স্থায়ীত্ব হবে ৩ মাসেরও কম সময়। সারাজীবন এটি থাকবে না, একদিন এই মহামারি শেষ হবে, আমরা নিজেদের যত বেশি যত্ন নিবো, সে সময় তত দ্রুত আসবে।







