শবনম ফারিয়া। ছোট পর্দার তারকা। এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এরই মধ্যে এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। পরিচালক অনম বিশ্বাস। ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান, ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী আর রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। আরও অভিনয় করবেন শবনম ফারিয়া। কথা হলো তার সঙ্গে।
কেমন আছেন?
ভালো।
চলচ্চিত্রে অভিনয় করছেন?
হ্যাঁ। ছবির নাম ‘দেবী’। হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস থেকে তৈরি হচ্ছে।
উপন্যাসটি পড়েছেন?
যখন প্রথম পড়েছি, তখন আমি ক্লাস নাইনে। ছবিতে অভিনয়ের ব্যাপারে যখন আলোচনা হলো, তখন আবার পড়েছি। তবে এবারের পড়া অন্যরকম মনে হয়েছে।
কেন বলুন তো?
এখানে এখন আমি আছি। সবকিছু মনে হচ্ছে চোখের সামনে ভাসছে।
আপনি কোন চরিত্রটি করছেন?
‘নীলু’। আমার খুব পছন্দ হয়েছে। এবার উপন্যাসটি পড়ার সময় বারবার নীলুকে দেখেছি। চরিত্রটিকে নিজের মাঝে ধারন করতে চেয়েছি।
উপন্যাসে তো আপনার সঙ্গে আরেকটি চরিত্রের যোগাযোগ রয়েছে।
হ্যাঁ, আহমেদ সাবের। ছবিতে এই চরিত্রটি করছেন ইরেশ যাকের।
হুমায়ূন আহমেদের লেখা পড়া হয়?
আমি কিন্তু হুমায়ূন আহমেদের বিশাল বিশাল বিশাল ফ্যান। তার প্রায় সব উপন্যাসই আমার পড়া হয়েছে। তার কোনো লেখা হাতের কাছে পেলেই সব কাজ ফেলে পড়তে শুরু করি।
‘দেবী’ ছবিতে অভিনয়ের ব্যাপারে আপনার সঙ্গে কবে কথা হলো?
গত বছর নভেম্বর মাসে।
শুটিং করবেন কবে থেকে?
২৪ মার্চ থেকে শুটিং করব। ১৪/১৫ দিন তো লাগবেই। আমিও পুরোপুরি তৈরি। এ সময় আর কোনো কাজ করব না।
এরপর চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন?
দেখুন, নাটকে নিজের কাজটুকু ভালো করলেই চলে। কিন্তু সিনেমাতে সবকিছু একসঙ্গে ভালো হতে হবে। সেই স্ক্রিপ্ট থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী, প্রযোজক, লাইট, ক্যামেরা আরও অনেক কিছু। আমি তো চলচ্চিত্রে কাজ করতেই পারতাম। কারণ এ পর্যন্ত অনেকগুলো অফার পেয়েছি। ওই যে বললাম, সবকিছু মেলে না, তাই কাজও করা হয়নি।
আর ‘দেবী’ ছবিতে?
যখন আমাকে মিটিংয়ের জন্য ডাকা হলো। আমি এক মুহূর্তও দেরি করিনি। আমার কোনো দ্বিতীয় ভাবনা ছিল না। সোজা রাজি হয়ে যাই। শুরুতেই ভালো কিছুর জন্য অপেক্ষা করেছিলাম। পেয়ে গেছি।
ছবি : সংগৃহীত







