আমি বিএনপিতে নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। বিজয়ী হতে হলে নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান, ঐক্যফ্রন্টের পতাকা তলে থাকতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, বেগম খালেদা জিয়া জেলে গিয়ে গণতন্ত্রের নেত্রী হয়েছেন। আজকে তিনি দেশের প্রত্যেকটি মানুষের অন্তরে প্রবেশ করেছেন। আমি জানি, বাংলাদেশকে বন্দি রাখা যাবে না। তাই বেগম খালদো জিয়াকে বন্দি রাখা যাবে না। আমি আজকে বেগম জিয়ার মুক্তি চাই না। আমি আমার বোন শেখ হাসিনার কবে মুক্তি হবে সেটা ভাবছি। আমি তার মুক্তি চাই।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার বোন হাসিনাকে বলবো আসেন একটু দেখে যান এই পল্টন ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) কিভাবে মানুষ খালেদা জিয়ার মুুক্তি চায়।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, ঐক্যফ্রন্টের পতাকা তলে থাকতে হবে। জয় আপনাদের হাতে। যদি আপনারা মনে করেন বিজয়ী হবেন, তাহলে হবেন।
‘বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে’- বাক্যটি বলে কাদের সিদ্দিকী নাটকীয় মোড় নেন। এসময় মানুষ না না-স্লোগান তোলে।
এরপরই তিনি বলেন, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে একথা সত্য নয়। রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল আওয়ামী লীগ।
কাদের সিদ্দিকী সবশেষে বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে আছি। ড. কামালের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, গণতন্ত্র মুক্ত করব’।
জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড.কামাল হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








