রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। এমন সময়ে সম্পূর্ণ ফিট নন বলে জানিয়েছেন ব্রাজিল দলের প্রধান অস্ত্র নেইমার। এখনও কিছু অস্বস্তি রয়ে গেছে এবং পূর্ণ সামর্থ্য ফিরে পেতে আরও কিছুদিন সময় লাগবে তার।
গত ফেব্রুয়ারিতে পায়ের অস্ত্রোপচারের পর ৩ জুন থেকে অনুশীলন শুরু করেছেন নেইমার। এখনও শতভাগ ফিটনেস ফিরে পাননি বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
রোববার সংবাদমাধ্যমকে নেইমার বলেন, ‘আমি এখনও শতভাগ ফিট নই। সময়ের সাথে সাথে হয়ত সেটি ফিরে পাব। তবে এখনও বেশকিছু অস্বস্তি রয়ে গেছে। পূর্ণ সামর্থ্য ফিরে পেতে আরও কিছুদিন সময় লাগবে।’
রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে ফিটনেস ফিরে না পেলে প্রথম ম্যাচে নেইমারের অংশগ্রহণে সন্দেহ থাকবে। তবে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
নেইমার বলেছেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত। কোনকিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না। এই মুহূর্তে কিছু সমস্যার মুখোমুখি হবার কারণ হচ্ছে, আমি প্রায় তিনমাস মাঠের বাইরে ছিলাম। তবে এসব বিষয় আমাকে থামিয়ে রাখতে পারবে না।’
ফিটনেসের কথা চিন্তা করে বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারকে নিয়ে বাড়তি সতর্ক ব্রাজিল।








