সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য হয়ে পদত্যাগে বাধ্য হওয়া পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তার রাজনীতি শেষ হয়ে যায়নি। তার (প্রধানমন্ত্রীর) কার্যালয় ছাড়তে বাধ্য করা মানে এই নয় রাজনীতিতে তার ভবিষ্যত শেষ হয়ে গেছে।
ইসলামাবাদে সাংবাদিকদের সাথে বৈঠকের পর লাহোরে র্যালি করার ঘোষণা দিয়ে তিনি বলেন, তাকে অযোগ্য ঘোষণার বিরুদ্ধে আইনী বিশেষজ্ঞরা শিগগিরই রিভিউ পিটিশন করবে।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে আইনের শাসন প্রতিষ্ঠার নিশ্চয়তার আমি সংগ্রাম করছি।
পানামা পেপারস কেলেঙ্কারীর মামলায় ২৮ জুলাই প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তাকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট আদেশ দেন।
ওই রায়ের পর বিচারপতি এজাজ আফজাল খান বলেন, ‘এই রায়ের পর নওয়াজ শরীফ সংসদ সদস্য থাকার যোগ্যতা হারালেন।’
পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। ফাঁস হওয়া নথিতে নওয়াজ শরীফসহ তার চার ছেলেমেয়ের মধ্যে তিনজন মরিয়ম, হাসান ও হোসেনের নামও উঠে আসে। নওয়াজের সন্তানরা মোসাক ফনসেকার মাধ্যমে পরিচালিত বিভিন্ন অফশোর কোম্পানির মালিকানার অংশীদার।
ফাঁস হওয়া ওইসব নথির সূত্রে অভিযোগ ওঠে, নওয়াজ শরীফ সন্তানদের মাধ্যমে বিদেশে প্রচুর অর্থ পাচার করছেন, গড়ে তুলছেন সম্পদের বিশাল পাহাড়।
নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করে বুধবার সড়কপথে লাহোর ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। লাহোরে বোমা হামলার পর সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার একটি বোমা হামলায় সেখানে একজন নিহত ও ৩০ জন আহত হন।
“আমি আমার বাড়ি যাচ্ছি। আমার কি আমার বাড়ি যাওয়ারও অধিকার নাই?” প্রশ্ন করেন শরীফ। লাহোরে অন্তত ২ রাত লাহোরে থাকবেন শরীফ। এসময় সর্বোচ্চ সংখ্যক শহরে যাবেন তিনি।
মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন একটি নোটিশ ইস্যু করে। তাতে বলা হয়েছে, ২০০২ সালের পলিটিক্যাল পার্টিস অর্ডারের অধীনে অযোগ্য ঘোষিত কোনো এমপি কোনো রাজনৈতিক দলের কোনো পদ ব্যবহার করতে পারেন না। তাই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান হিসেবে পদ ধরে রাখতে পারবেন না নওয়াজ শরীফ। তাকে পদ ছাড়তে হবে।
এর পরিপ্রেক্ষিতে পিএমএলএনের সিনিয়র নেতা রাজা জাফরুল হক মঙ্গলবার বলেছেন, নির্বাচন কমিশনের এমন নোটিশের পর দলের সভাপতি পদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে দু’এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বুধবার সড়কপথে লাহোর যাত্রা করার আগেই মঙ্গলবার স্ত্রী কুলসুম ও মেয়ে মরিয়ম নওয়াজকে লাহোরে পাঠিয়ে দিয়েছেন নওয়াজ শরীফ। আর ঐতিহাসিক গ্রান্ড ট্রাংক রোড ধরে তার ইসলামাবাদ ছেড়ে লাহোরের উদ্দেশে যাত্রা করার কথা।
নওয়াজ শরীফ সাংবাদিকদের বলেন, কখনো তিনি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন নি। তাকে অযোগ্য ঘোষণার রিভিউ আবেদন করে শিগগিরই সুপ্রিম কোর্টে আবেদন করবেন।
তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে দেশে ক্ষমতায় এসেছেন ১৮ জন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের কেউই ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেন নি। তবে মাত্র তিনজন স্বৈরশাসক কয়েক দশক দেশ শাসন করেছে। বার বার সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। প্রতিবারই সামরিক শাসনকে বিচার বিভাগ শুধু বৈধতাই দেয় নি, পাশাপাশি তারা সংবিধান সংশোধনের অধিকার দিয়েছে স্বৈরশাসকদের।
নওয়াজ শরীফ বলেন, এভাবে দেশ চলতে পারে না।
“কেন পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রীরা তাদের মেয়াদ পূর্ণ করতে পারেন না?” সংসদে ও জনগণের মাঝে এমন বিতর্ক শুরু করতে চান বলেও জানান তিনি।
সেনাবাহিনী এই বিচারিক প্রক্রিয়ায় (পানামা পেপারস কেলেঙ্কারীর মামলা) প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে বলেন।
তিনি ষড়যন্ত্রের শিকার বললেও এর সাথে জড়িত কে জড়িত তা সরাসরি বলেননি।
সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই আপনারা এর উত্তর পাবেন।








