সাত দলের চলতি আসরের বিপিএলের তৃতীয় ও শেষ পর্ব শুরুর আগে পয়েন্ট টেবিলের তলানিতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দলের তরুণ খেলোযাড় নাজমুল হোসেন শান্ত জানালেন, দল যে অবস্থানেই থাক আমার মতো তরুণদের পারফর্ম করাটা বেশি গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে অনুশীলনের সময় এসব কথা বলেন নাজমুল হোসেন শান্ত।
দলের যে অবস্থা এখান থেকে পাওয়ার কি আছে কি না এমন প্রশ্নে শান্ত বলেন, পাওয়ার অনেক কিছুই আছে। আমরা যারা তরুণ প্লেয়ার আছি তাদের পারফর্ম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতেও আমরা কিছু প্লেয়ার পারফর্ম করেছি। যারা করতে পারিনি তাদের পরের পাঁচটি ম্যাচে পারফর্ম করার সুযোগ আছে।
চলতি বিপিএলে কয়েকটি ম্যাচে ওপেনিং করা এ ব্যাটস ম্যান বলেন, আমি সব সময়ই নম্বর তিনে ব্যাটিং করি। তবে সুযোগ পেয়েছি তাই চেষ্টা করবো সব সময় যেন ভাল করা যায়।
ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বললেন, পাঁচটি ম্যাচ যেহেতু আছে সেহেতু লক্ষ্য থাকবে অনেক বড় কিছু। প্রতিটি ম্যাচেই আমার অবদানটা বেশি রাখতে চেষ্টা করবো, যতকুটু দেই তার চেয়ে ২০-৫০ ভাগ বেশি দেয়ার চেষ্টা করবো। তবে আমি পাঁচটি ম্যাচ নিয়ে নয়, ম্যাচ বাই ম্যাচ ভাবছি।










