কলকাতার পর এবার দেশের প্রেক্ষাগৃহে চলছে তারকা অভিনেতা শাকিব খান ও শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। দেশের ১০৫টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনের দর্শক সমাগম আর হল রিপোর্ট দেখে সপ্তাহান্তে ছবিটি সুপারহিট হবে বলেই ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
শুক্রবার দেশব্যাপী শাকিবের ‘চালবাজ’ মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ভিড় ছিলো দেখার মতো। শুধু শহরে নয়, মফস্বলের হলগুলোতেও ছিলো প্রচণ্ড ভিড়। টিকেট না পেয়ে অনেকে চালবাজ না দেখে ফিরে গেছেন বলেও জানা গেছে। ‘চালবাজ’ নিয়ে দর্শকের এমন উন্মাদনার দিনে ছবিটি নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী।
জানালেন, তিনিও একসময় ‘চালবাজ’ নামে একটি ছবি করেছিলেন। কিন্তু ছবিটি সফল হয়নি। তবে শাকিবের ‘চালবাজ’ নিয়ে মানুষের এই উন্মাদনাকে ইতিবাচক ভাবে দেখছেন এই চিত্রনায়ক।
চালবাজকে শুভ কামনা জানিয়ে স্মৃতিকাতর ওমর সানী বলেন: একটি মজার কথা বলি। অনেক বছর আগে ‘রংবাজ’ নামে একটি ছবি হয়েছিল। সেটি ছিল বাম্পার হিট। এরপর ‘রঙিন রংবাজ’ করলাম আমি। সেটি হল সুপারহিট। অতঃপর আমাদের সুপারস্টার শাকিব খান করলো ‘রংবাজ’, সেটি মোটামুটি চললো। আমি শওকত জামিল সাহেবের ‘চালবাজ’ করেছিলাম একসময়। এখন সুপারস্টার শাকিব খানও ‘চালবাজ’ করলো। আমার ‘চালবাজ’ তেমন সফল না হলেও শুনছি শাকিবের ‘চালবাজ’ সুপারহিট। শুভকামনা ‘চালবাজ’ ও বাংলা চলচ্চিত্রকে। চলচ্চিত্রের পাশে থাকবেন সবাই।
লোকাল কিংবা যৌথপ্রযোজনার ছবি হিসেবে নয়, বরং কলকাতার লোকাল প্রোডাকশনের ছবি হিসেবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘চালবাজ’। তবে সেটা সাফটা চুক্তির ভিত্তিতে। বাংলাদেশে এই ছবিটি মুক্তি দিয়েছে এন ইউ ট্রেডার্স। ছবিতে শাকিব খান ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত, হাসান ইমাম, আশিষ বিদ্যার্থী প্রমুখ। ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জী।








