খেলা শুরুর আগে কেউ চিন্তা করতে পারেনি ফলাফল এমন হতে পারে। মাউন্ট মঙ্গানুই টেস্টে বিজয়ী দলের নাম হবে বাংলাদেশ। বছরের শুরুটা এভাবে রাঙাবে মুমিনুল হকের দল।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা খুব বেশি ছিল না। এটিই নাকি টনিক হিসেবে কাজ করেছে ভালো খেলতে।
প্রথমবার নিউজিল্যান্ডকে টেস্টে হারানোর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানালেন, প্রত্যাশার চাপ না থাকা উপকারই করেছে ক্রিকেটারদের।
‘এটা (বড় কিছুর প্রত্যাশা না থাকা) বিরাট সহায়তা করেছে। এখন জানি না আমাদের উপর প্রত্যাশা বেড়ে যেতে পারে যে পরের টেস্টও হয়ত জিতব, এরকম প্রত্যাশা হয়ত করতে পারেন। আমার কাছে মনে হয় এতবেশি প্রত্যাশা না করাই ভালো।’
‘আর সবচেয়ে ভালো ছিল যে, আমাদের প্রতি কোনো প্রত্যাশাই ছিল না। এটা ভালো যে আপনারা আমার কাছে প্রত্যাশা তেমন রাখবেন না। এমন ভাববেন না যে এক, দেড়, দুই বছরের মধ্যে আমরা পাঁচ-ছয় নম্বর দল হয়ে যাবো টেস্টে, এটাও প্রত্যাশা করবেন না।’
৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আঙুলের চোটের কারণে খেলতে পারবেন না প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানের দারুণ ইনিংস খেলা ওপেনার মাহমুদুল হাসান জয়। তার জায়গায় টেস্টে অভিষেক হতে পারে নাঈম শেখের।







