হাশিম আমলার সেঞ্চুরির পর ইমরান তাহিরের নেওয়া ৭ উইকেটে ট্রায়াঙ্গুলার
সিরিজে হোস্ট ওয়েস্ট ইন্ডিজকে ১৩৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাউথ
আফ্রিকা। জয়ের সঙ্গে বোনাস পয়েন্টও মিলেছে প্রোটিয়াদের।
৯ ওভার বল করে ৪৫ রান দিয়ে ৭ উইকেট নেন ইমরান তাহির। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি নবম সেরা বোলিং ফিগার। তবে সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডেতে এটিই এখন সেরা বোলিং পারফরমেন্স।
একই সঙ্গে দেশের পক্ষে সবচে কম ৫৮ ম্যাচ খেলে ১০০ উইকেট দখলের মাইলফলকও ছুয়েছেন স্পিনার তাহির।
তার ঘূর্ণিতে ৩৪৪ রানের বিশাল টার্গেটে নেমে মাত্র ২০৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান ওপেনার জনসন চার্লসের।
এর আগে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিং পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। হাশিম আমলার ক্যারিয়ারের ২৩ তম ওডিআই সেঞ্চুরি এবং ডি কক-ডুপ্লেসিসের দুই ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলে প্রোটিয়ারা।
৯৯ বলে ১১০ রানের ইনিংস খেলেন ওপেনার আমলা। ৭১ করে কুইন্টন ডি কক ফিরে গেলেও ৭৩ রানে অপরাজিত থাকেন ফাফ ডুপ্লেসিস।
অসাধারণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির।







