প্রথম দিনই বিনা উইকেটে ২৩৯ রান তুলে ফতুল্লা টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে রেখেছে ভারত। দ্বিতীয় দিনে আরও আক্রমণাত্মক ব্যাটিং করলে বড় রানের নিচেই চাপা পড়বে বাংলাদেশ। তবে হোস্ট দলের পরিকল্পনায় এখনও লড়াই। স্কোর বোর্ড দেখে মোটেই ভয় পাচ্ছেন না টাইগারদের হেডকোচ।
স্কোর বোর্ডে ২৩৯, উইকেটের সংখ্যা শূন্য। আগের দিনে ‘জয়ের জন্য মাঠে নামা’র কথা শুনিয়েছিলেন যিনি- আজও একই লক্ষ্যের কথাই বললেন। ক্রিকেটে হতে পারে যেকোনো কিছু সেটাই যুক্তি বাংলাদেশের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, আমরা সঠিক পথেই আছি। তবে ক্রিকেটে তো যেকোনো কিছুই ঘটতে পারে। বডি ল্যাঙ্গুয়েজে আমরা কোনো সমস্যা দেখিনি।
সংবাদ সম্মেলনে ছিলেন না টাইগার ক্যাপ্টেন। তাই একাই প্রশ্নগুলো সামাল দিয়েছেন বাংলাদেশের লংকান কোচ। এক পেসার নিয়ে ভারতকে আটকানোর পরিকল্পনায় যুক্তি আছে তার। ভারতের সবশেষ দুটি সিরিজে তাদের ব্যাটসম্যানদের অফস্পিনিং দুর্বলতার জন্য রুবেল নয়; বেস্ট ইলেভেনে জায়গা হয়েছে শুভাগত হোমের।
টাইগার কোচ আরো বলেন, ভারতের গত দুটি সিরিজ আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে অফস্পিনিংয়ের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পেয়েছে। তাই আমরা বাড়তি অফস্পিনার খেলানোর চেষ্টা করেছি। সেটা শুভাগত হোম।
পেসার রুবেল হোসেনকে টেস্টের চেয়ে ওয়ানডের জন্যই বেশি কার্যকার মনেকরেন হেডকোচ কোচ।
টেস্টের দ্বিতীয় দিনে দ্রুত উইকেটের পতন ঘটানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।







